## এসি বাসের ভাড়া ঈদের আগেই
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস-ট্রাকসহ পরিবহনের ভাড়া সমন্বয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অন্যদিকে পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গতকাল বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের পরিবহনমন্ত্রী রবিউল বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায়, বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হবে।’ বৈঠকে ছিলেন বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অংশীজনরা।
অন্যদিকে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, এসি বাসের ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঈদুল আজহার আগেই নির্ধারণ করবে। এ বিষয়ে বিআরটিএ ও বাস মালিক সমিতির মধ্যে আলোচনা চলছে। প্রয়োজন হলে ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে, যা আসন্ন ঈদে কার্যকর হবে। তিনি জানান, ঢাকার বাস টার্মিনালগুলোর পরিবেশ উন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থার মান বাড়াতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ডা. জাহেদ।
গত রবিবার সন্ধ্যায় বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক হয়। সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেন। ওই বৈঠকের পর বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেছিলেন, ‘আমরা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি। সোমবার সকালে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয় পাঠানো হবে। বাকিটা মন্ত্রণালয় কাটছাঁট করে চূড়ান্ত করবে। তারপর প্রজ্ঞাপন জারি হতে পারে।’
মঙ্গলবার যানবাহনের ভাড়া নিয়ে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো পক্ষই যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয়, তেমন একটি সমাধানে আসার চেষ্টা করা হচ্ছে। যানবাহনের ভাড়া নিয়ে সংকট হচ্ছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘যেহেতু জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে। আশা করি, এটি যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে।’
জটিলতা নিরসনে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া দুই বা তিন স্তরে নির্ধারণ করে তা কোরবানি ঈদের সময়েও কার্যকর করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি। শনিবার রাতে চার ধরনের জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে, যা মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেলের লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা (আগের দর ১০০ টাকা), অকটেন ২০ টাকা (আগের দর ১২০ টাকা), পেট্রোল ১৯ টাকা (আগের দর ১১৬ টাকা) এবং কেরোসিন ১৮ টাকা (আগের দর ১১২ টাকা) বেড়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









