ভারতের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৬-এর বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন হলিউড ও আন্তর্জাতিক বিনোদনজগতের একাধিক তারকা। এ তালিকায় রয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট, হলিউড নির্মাতা জেমস ক্যামেরন, অভিনেতা মাইকেল বি জর্ডান এবং পরিচালক পল থমাস অ্যান্ডারসন।
আন্তর্জাতিক শিল্পী হিসেবে বছরের সেরা সম্মান পেয়েছেন টেলর সুইফট। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’খ্যাত পরিচালক জেমস ক্যামেরন। ‘সিনার্স’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাইকেল বি জর্ডান। আন্তর্জাতিক চলচ্চিত্রে সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন পল থমাস অ্যান্ডারসন।
ভারতীয় চলচ্চিত্র বিভাগে এবারের পুরস্কারে আলোচনায় রয়েছে ‘ধুরন্ধর’। সিনেমাটি সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং। সিনেমাটির পরিচালক আদিত্য ধরও সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন। পাশাপাশি আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর সেরা প্রযোজকের সম্মান পেয়েছেন।
অন্যদিকে, ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনীত পাড্ডা। একই সিনেমার গান জিতেছে বছরের সেরা গানের স্বীকৃতি। সিনেমাটির গানের জন্য সেরা প্লেব্যাক গায়কের পুরস্কার পেয়েছেন ফাহিম আবদুল্লাহ।
এবারের তালিকায় আরও রয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কমল হাসান। চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের জন্য তাঁকে সম্মানিত করা হয়েছে। সংগীতজগতে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছেন সংগীত পরিচালক ইলাইয়ারাজা। আর্টিস্ট অব দ্য ইয়ার হয়েছেন করণ অজলা।
কমেডি বিভাগে বছরের সেরা কৌতুকশিল্পী নির্বাচিত হয়েছেন ভারতীয় কমেডিয়ান সময় রায়না। ওয়েব সিরিজে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আরিয়ান খান। তাঁর পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সেরা ওয়েব সিরিজের স্বীকৃতিও পেয়েছে।
ওয়েব সিরিজে সেরা অভিনেতা হয়েছেন জয়দীপ আহলাওয়াত। ‘পাতাল লোক’-এ অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। ‘দিল্লি ক্রাইম ৩’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন শেফালি শাহ। টেলিভিশন বিভাগে বছরের সেরা সিরিজ নির্বাচিত হয়েছে ‘তারক মেহতা কা উলটা চশমা’।
সমালোচক বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কান্তারা: চ্যাপ্টার ১’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেঠি। ‘হক’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন ইয়ামি গৌতম ধর।
এ ছাড়া পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন বিনীত কুমার সিং এবং কমেডি চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রিতেশ দেশমুখ।
উল্লেখ্য, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই পুরস্কার ভারতের সরকারি দাদাসাহেব ফালকে পুরস্কার বা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ নয়। এটি বেসরকারিভাবে আয়োজিত একটি স্বতন্ত্র পুরস্কার আয়োজন, যেখানে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও ডিজিটাল বিনোদনজগতের কাজকে স্বীকৃতি দেওয়া হয়।
প্রধান বিজয়ীদের একনজরে
আন্তর্জাতিক শিল্পী: টেলর সুইফট
বিশ্ব চলচ্চিত্রে অবদান: জেমস ক্যামেরন
আন্তর্জাতিক সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান
সেরা চলচ্চিত্র: ধুরন্ধর
সেরা অভিনেতা: রণবীর সিং
সেরা অভিনেত্রী: অনীত পাড্ডা
সেরা পরিচালক: আদিত্য ধর
সমালোচক বিভাগে সেরা ছবি: কান্তারা: চ্যাপ্টার ১
বছরের সেরা কৌতুকশিল্পী: সময় রায়না
বছরের সেরা গান: সাইয়ারা



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








