বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর টানা পতনে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি নভেম্বর মাসে আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে প্রায় ১১ হাজার টাকা।
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। গত ১৩ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন দাম। এতে স্বর্ণের গয়না কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া দামে স্বর্ণ কিনে রাখা ক্রেতা ও বিনিয়োগকারীরা পড়েছেন লোকসানের মুখে।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকে বাজারে দরপতন শুরু হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে আসে, যা গত সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। রেকর্ড সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে স্বর্ণের মূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমেছে।
দাম কমার পেছনে যেসব কারণ
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এসব কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
বিশেষ করে আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের পরিবর্তে ডলার ও সুদভিত্তিক সম্পদে বিনিয়োগের আগ্রহ বাড়ছে। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয়ও বেড়ে যায়।
ডেনমার্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের শক্তিশালী অবস্থান, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের কঠোর মুদ্রানীতির প্রত্যাশা স্বর্ণ ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। এর প্রভাব পড়ছে মূল্যবান ধাতু দুটির দামে।
লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজারবিষয়ক গবেষণা বিভাগের প্রধান সুকি কুপারের মতে, স্বর্ণ কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে এর ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে স্বর্ণের মুদ্রাসদৃশ আচরণই দাম কমার পেছনে ভূমিকা রাখছে।
যে কারণে আগে বেড়েছিল স্বর্ণের দাম
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পেছনে দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসব কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেছিলেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপার বলেন, ওই সময় যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে স্বর্ণের পরিমাণ কম ছিল, তারাও নতুন করে স্বর্ণ কেনা শুরু করেন।
যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলসের ভাষ্য অনুযায়ী, কম সুদের হার, ভবিষ্যতে সুদের হার আরও কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বল অবস্থান স্বর্ণসহ অন্যান্য পণ্যের বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছিল।
তার মতে, সুদের হার কম থাকায় বিনিয়োগকারীদের হাতে নগদ অর্থ রেখে উল্লেখযোগ্য আয় করার সুযোগ কম ছিল। পাশাপাশি অর্থের ক্রয়ক্ষমতা ধরে রাখতে অনেকেই বিকল্প বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে ডলারের শক্তিশালী অবস্থান ও সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় বিনিয়োগকারীদের সেই আগ্রহে ভাটা পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের স্বর্ণের বাজারেও বড় ধরনের দরপতন দেখা যাচ্ছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









