রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রানী চন্দ (৬৩) মারা গেছেন।
বুধবার (১৫ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী এবং এক কন্যা, এক পুত্রসহ অসংখ্যগুণগ্রাহী, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন।
মার্কেটিং বিভাগ সূত্রে জানা যায়, অধ্যাপক শুভ্রা দীর্ঘদিন ধরে কিডনি, হৃদ্রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। গত ৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে নগরীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। আজ সকালে রামেক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক শুভ্রা রানী চন্দ তিনি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯০ সালে তিনি একই বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। পরে ২০১৮ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপনার পাশাপাশি তিনি হল প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রশাসন জানায়, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অধ্যাপক শুভ্রা রানী চন্দের অবদান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









