পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
পোস্টে অভিযোগ করা হয়, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, আব্দুল্লাহ আল জাবের ক্যাম্পাসে প্রবেশ না করলে কর্মসূচি আয়োজনের মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল। পরে সময় ও স্থান চূড়ান্ত হওয়ার পর লিখিত অনুমতিপত্র নিতে গেলে তা আর দেওয়া হয়নি।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, কর্মসূচি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি এবং বাইরের কোনো অতিথিকে নিয়ে অনুষ্ঠান করার অনুমোদনও ছিল না।
ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, তারা কর্মসূচি আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও অনুসরণ করেছেন। তবে শেষ পর্যন্ত অনুমতিপত্র না পাওয়ায় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন। এ সময় ‘প্রোগ্রাম হবেই’ ও ‘জান দেবো, জুলাই দেবো না’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে প্রশাসনিক বাধার অভিযোগ উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
আয়োজকদের ভাষ্য, জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলের মতো কর্মসূচিতেও বাধা দেওয়া হলে তা শুধু একটি কর্মসূচিতে বাধা নয়, বরং শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি অসম্মান। তাদের দাবি, প্রশাসনিক নির্দেশ দিয়ে ইতিহাস, স্মৃতি ও আত্মত্যাগকে থামিয়ে রাখা যায় না। জুলাইয়ের আত্মত্যাগ ইতিহাসের অংশ—বাধা দিয়ে সেই ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়।
তবে ইনকিলাব মঞ্চের অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘‘ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধাদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তারা জুলাইয়ে আহত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রাম করতেই পারে। কিন্তু বাইরের কোনো অতিথির ব্যাপারে প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়নি।’’
প্রশাসনের বক্তব্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুমতি নেওয়া প্রয়োজন। অন্যদিকে ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, তারা লিখিত আবেদন করলেও শেষ পর্যন্ত কর্মসূচির অনুমতিপত্র পাননি।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরস্পরবিরোধী বক্তব্যে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনিক বাধার অভিযোগের মধ্যেও মিছিল-সমাবেশ ও স্লোগানের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণে নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









