যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য আদান প্রদানসহ উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে “বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতির দিকনির্দেশনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী ও চলতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২ টায় যবিপ্রবির অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে “হায়ার স্টাডিস অ্যাবরোড: এ জার্নি টক” শীর্ষক সেমিনার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। সেমিনার শেষে বিকেল সাড়ে ৩ টায় উপাচার্যের সম্মেলন কক্ষে চলতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান- ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির দিয়ে সংবর্ধনা জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও ইতিবাচক মানসিকতার মাধ্যমে দেশ সেবায় আত্মনিয়োগ করা। বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী প্রকৃত পক্ষে দেশের অ্যাম্বাসেডর। তাই তাদের মেধা, গবেষণা ও সততার উপরে নির্ভর করে বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম। কেবল আর্থিক সমৃদ্ধি দিয়ে নয়, বরং নৈতিকতা, সঠিক সংস্কৃতি চর্চা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমেই একটি দেশ সত্যিকারের উন্নত দেশে রূপ নেয়। যার জন্য শিক্ষার্থীদের অন্য দেশের ইতিবাচক গুণাবলি অর্জনের সাথে সাথে কোনো প্রকার অসততা বা শর্টকাট অবলম্বন না করে দায়িত্বশীলভাবে দেশ তথা যবিপ্রবির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, উচ্চশিক্ষায় বিদেশ যাত্রা আমাদের জন্য এক অত্যন্ত আনন্দ ও স্মরণীয় মুহূর্ত হলেও অর্জিত জ্ঞান নিয়ে দেশে ফিরে, দেশের কল্যাণে সেটি কাজে লাগানোই প্রধান লক্ষ্য হওয়া উচিত। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, তাই অর্জিত দক্ষতা ও মেধা দিয়ে দেশের উন্নয়নে অবদান রেখে সেই ঋণ পরিশোধে এটাই সেরা সময়। কেবল ব্যক্তিগত স্বার্থ চিন্তা না করে দেশ গঠনে ভূমিকা রাখলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে কারণ পৃথিবীর যত উন্নত দেশেই অবস্থান করা হোক না কেন, নিজ ভূখন্ডে মাথা উঁচু করে বাঁচার যে আত্মমর্যাদা ও তৃপ্তি, তা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।
সেমিনারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপ, আইইএলটিএস/জিআরই প্রস্তুতি এবং সঠিক বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচনের নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফুল ফান্ডেড স্কলারশিপ প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









