বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি শুরু করতে গিয়েই অনেকের সামনে তৈরি হয় তথ্যের জটিলতা। কোন দেশে কোন স্কলারশিপ রয়েছে, কারা আবেদন করতে পারবে, আবেদনের শেষ সময় কবে, কী পরিমাণ ফান্ডিং পাওয়া যাবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে এসব জানতে শিক্ষার্থীদের ঘুরতে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, স্কলারশীপ পোর্টাল, কিংবা ফেসবুক গ্রুপ ও নানান অনলাইন প্ল্যাটফর্মে।
তথ্যের এই বিচ্ছিন্নতা শুধু সময়ই নষ্ট করে না, অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্কলারশিপের শেষ সময়ও মিস হয়ে যায়। এমন বাস্তব সমস্যার সমাধানের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান নেহাল-এর ‘BairePorbo’ প্লাটফর্ম। যা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উচ্চশিক্ষা ও স্কলারশিপ খোজার প্লাটফর্ম, যেটা বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে।
এই প্ল্যাটফর্মটির বিশেষত্ব স্কলারশিপের তালিকা দেখানো, ব্যবহারকারীর একাডেমিক প্রোফাইল এবং লক্ষ্য বিবেচনায় নিয়ে স্কলারশিপ খুঁজে দেওয়া। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যোগ্যতা যাচাই, প্রশ্নের উত্তর দেওয়া এবং ধাপে ধাপে প্রস্তুতির রোডম্যাপ তৈরিতেও সহায়তা করছে। প্লাটফর্মটির বিষয়ে সকল তথ্যাদি তুলে ধরেছেন যবিপ্রবির সিএসই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও যবিপ্রবির দৈনিক এদিন প্রতিনিধি সাব্বির রহমান রাব্বীল।
সমস্যার জায়গা থেকেই ‘বাইরে পড়বো’র যাত্রা
নির্মাতার ভাষায়, বাংলাদেশের অনেক শিক্ষার্থীর কাছেই বিদেশে উচ্চশিক্ষার বিষয়ে পর্যাপ্ত তথ্য থাকে না। ফলে তারা শুরু থেকে সেভাবে প্রস্তুতি নিতেও পারে না। অন্যদিকে প্রয়োজনীয় তথ্য পেতে একজন শিক্ষার্থীকে বিভিন্ন ওয়েবসাইট, বিশ্ববিদ্যালয়ের পেজ, স্কলারশিপ পোর্টাল এবং একাধিক ফেসবুক গ্রুপ ঘেঁটে তথ্য সংগ্রহ করতে হয়। একই তথ্য বারবার খুঁজতে গিয়ে যেমন সময় নষ্ট হয়, তেমনি গুরুত্বপূর্ণ কোনো সুযোগ চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। নিজের উচ্চশিক্ষার প্রস্তুতির সময় কাছ থেকে এই সমস্যাগুলো দেখেই তার মনে প্রশ্ন জাগে, একজন শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী স্কলারশিপ, যোগ্যতা, আবেদনের শেষ সময় এবং আবেদনের তথ্য যদি এক জায়গায় পাওয়া যেত, তাহলে পুরো প্রক্রিয়াটি আরও সহজ হতো। সেই চিন্তা থেকেই BairePorbo-এর যাত্রা।
অধিক তথ্য নয়, দরকার সঠিক তথ্য
BairePorbo-এর নির্মাতা সমস্যাটিকে দুটি শব্দে ব্যাখ্যা করেছেন, অধিক তথ্য এবং তথ্য খণ্ডন। স্কলারশিপের তথ্য অনলাইনে অহরহ। কিন্তু সমস্যা হলো, সেগুলো তথ্য এক জায়গায় নেই। কোনো ওয়েবসাইটে পাওয়া যায় আবেদনের যোগ্যতা, অন্য কোথাও আবেদনের শেষ সময়, আবার অন্য জায়গায় পাওয়া যায় ফান্ডিং এর তথ্য। একজন শিক্ষার্থীর জন্য কোন স্কলারশিপ বাস্তবে উপযুক্ত, সেটি নির্ধারণ করাও একটা সমস্যা। শত শত স্কলারশিপের একটি তালিকা দেখিয়ে দিলেই একজন শিক্ষার্থীর সমস্যা সমাধান হয় না। তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ডিগ্রী, বিষয়, দেশ ও অন্যান্য যোগ্যতার সঙ্গে কোন স্কলারশিপের মিল রয়েছে সেটি জানা আরও গুরুত্বপূর্ণ। BairePorbo সেই জটিল প্রক্রিয়ার সহজ ও যথাযথ উপকরণ।
৩০০+ স্কলারশিপের ডেটাবেজ, প্রকাশিত ১০০+
নির্মাতার মতে, BairePorbo এর ডেটাবেজে বর্তমানে ৩০০ এর বেশি স্কলারশিপ সুযোগের তথ্য রয়েছে। তবে সবগুলো স্কলারশীপ সরাসরি প্লাটফর্মে প্রকাশ করা হয়নি। তথ্য যাচাই ও অন্যান্য বিষয়াবলী নির্বাচনের পরে স্কলারশিপ গুলো প্লাটফর্মে প্রকাশ করা হচ্ছে। বর্তমানে ১০০টির বেশি স্কলারশিপের অথ্য BairePorbo তে প্রকাশ করা হয়েছে। বাকি স্কলারশিপ গুলোও দ্রুত যুক্ত করার কাজ চলছে। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্কলারশীপ খুঁজতে পারেন। কোন দেশে যেতে চান, কোন ডিগ্রী করতে চান, কোন বিষয়ে পড়তে চান কিংবা নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী এসব তথ্য বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় দেশ খুঁজে নেওয়ার সুযোগ রয়েছে।
শুধু স্কলারশিপ খোজা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাও দিচ্ছে সহায়তা
BairePorbo-এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি। প্ল্যাটফর্মটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিভিন্ন পর্যায়ের কাজ করা হচ্ছে। যেমন শিক্ষার্থীর প্রশ্ন বুঝে স্কলারশিপ ও উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে দেওয়া, স্কলারশিপের যোগ্যতা ও শর্তাবলি বুঝতে সহায়তা করা, গুরুত্বপূর্ণ তথ্য সহজ ভাষায় ব্যাখ্যা করা এবং এসবের পাশাপাশি শিক্ষার্থীর লক্ষ্য ও প্রোফাইল অনুযায়ী ব্যক্তিভেদে রোডম্যাম তৈরিতেও কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তা করছে। একজন শিক্ষার্থী শুধু জানতে পারবেন না `কোন স্কলারশিপ আছে?' বরং এটাও জানতে পারবে `তার বর্তমান অবস্থান থেকে কাঙ্ক্ষিত স্কলারশিপ পাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে?'
নিজের প্রোফাইল থেকেই তৈরি হবে প্রস্তুতির রোডম্যাপ
একজন শিক্ষার্থী নিজের একাডেমিক প্রোফাইল ও পড়াশোনার বিষয়াবলীর ভিত্তিতে স্কলারশিপ খুঁজতে পারবেন এই এক অ্যাপের মাধ্যমে। রোডম্যাপ ফিচার শিক্ষার্থীর বর্তমান অবস্থান বিবেচনা করে কাঙ্ক্ষিত স্কলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো ধাপে ধাপে দেখানোর চেষ্টা করে। এটি শুধু স্কলারশিপের শেষ সময় জানানো নয় বরং একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বা দ্বিতীয় বর্ষ থেকেই বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিতে চান, তাহলে কখন কী করতে হবে, সেই দীর্ঘমেয়াদি প্রস্তুতিকেও কাঠামোবদ্ধ করার লক্ষ্য রয়েছে প্লাটফর্মটির।
শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে
নির্মাতার মতে, স্কলারশিপের তথ্য এবং উচ্চশিক্ষার গাইডলাইন যতটা সম্ভব সহজলভ্য করাই এই মুহূর্তের প্রধান লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা যেন অর্থনৈতিক সামর্থ্যের কারণে প্রয়োজনীয় তথ্য ও গাইডলাইন থেকে পিছিয়ে না পড়ে, সে কথা মাথায় রেখেই সম্পুর্ন বিনামূল্যে দেওয়া হচ্ছে প্লাটফর্মটির সকল ফিচার।
পুরো প্ল্যাটফর্ম একাই তৈরি করেছেন
BairePorbo-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হলো, এটি কোনো বড় ডেভেলপমেন্ট প্রকল্পের তৈরি নয়। মূলত একাই প্লাটফর্মটি ডিজাইন ও ডেভেলপ করেছেন এর নির্মাতা। ছোট পরিকল্পনা থেকেই ডেভেলপমেন্ট, তথ্য সংগ্রহ, কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তকরন এবং প্রকাশ করা সব মিলিয়ে প্রায় তিন মাসের ধারাবাহিক কাজের মাধ্যমে BairePorbo তৈরি করা হয়েছে। এই যাত্রা খুব সহজ ছিলোনা। ফলে BairePorbo শুধু একটি সফটওয়্যার প্রজেক্ট না। এটি একজন শিক্ষার্থীর ব্যক্তিগত উদ্যোগ থেকে তৈরি একটি বাস্তবধর্মী প্রযুক্তিগত প্লাটফর্ম।
শুরুতেই ৪ হাজারের বেশি ব্যাবহারকারীর মাইলফলক
ওয়েবসাইট প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত BairePorbo-তে ৪,১৩২ জন ব্যাবহারকারী এসেছে। একই সময়ে প্লাটফর্মটিতে হয়েছে ১৭,৯৭৩টি পেজ ভিউ। শুরু থেকেই ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা। বিশেষ করে প্লাটফর্মের গাইডলাইন সেকশন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে বলেও জানা গেছে।
লক্ষ্য শুধু স্কলারশীপ নয়, পুরো উচ্চশিক্ষার সহায়ক
BairePorbo-এর ভবিষ্যৎ পরিকল্পনা শুধু আরও স্কলারশিপ যুক্ত করার মধ্যে সীমাবদ্ধ নয়। নির্মাতার লক্ষ্য, বাংলাদেশের একজন শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার সময় যেন সবার আগে BairePorbo এর কথা ভাবেন। নিজের ব্যক্তিগত প্রোফাইল গোছানো থেকে শুরু করে স্কলারশীপ খোঁজা, যোগ্যতা বোঝা, প্রস্তুতির রোডম্যাপ তৈরি এবং আবেদনের জন্য প্রয়োজনীয় গাইডলাইন পুরো উচ্চশিক্ষার জার্নিতে একজন শিক্ষার্থীর যে ধরনের সহায়তা প্রয়োজন, তার সবকিছু একটি প্লাটফর্মের মাধ্যমে বিনামূল্যে দেওয়ার লক্ষ্য রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









