পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘‘আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা এবং রেলপথ দক্ষিণাঞ্চলের জন্য সরকারের কাছে ভিক্ষা চেয়ে গেলাম।’’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)-এর উদ্যোগে আয়োজিত “আগামী বরিশাল: সংকট, সম্ভাবনা ও করণীয়” শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘ভাঙ্গা যখন পার হই তখন ড্রাইভারা আমাদের বলে, ‘স্যার ভাঙ্গা কিন্তু শুরু হয়েছে।’ তখন আমি বললাম, জায়গা শুরু হয়েছে না রাস্তা শুরু হয়েছে। বলে, ‘স্যার দুইটাই শুরু হইছে। জায়গাও নাম ভাঙ্গা, রাস্তাও ভাঙ্গা শুরু হইছে।’’
তিনি আরো বলেন, ‘‘গাড়ির চাপ এখন যে পরিমাণ বেড়েছে, গাড়ির পেছনের সিটে যারা থাকেন তারা বলেন, ‘ড্রাইভারও ব্রেক চেপে ধরে আর আমরাও যাত্রী পেছন থেকে পা চেপে ধরে আছি।’ ড্রাইভার মাঝেমধ্যে বলে, ‘বুঝলাম না স্যার গাড়ি এমন লাগতেছে কেন।’ আমি বললাম যে পেছনে যারা আছে তারাও পা চেপে ধরে আছে। ‘স্যার তারা চেপে ধরলে তো কোন লাভ নাই।’ তারপরও আমরা চেপে ধরে রাখি আমাদের জীবনেরও তো একটা মায়া আছে। আপনারা ধরেন কিনা আমি জানি না, আমরা ধরে রাখি।’’
সংসদ সদস্য বলেন, ‘‘এই জায়গা থেকে মুক্তির জন্য কত রাস্তা হচ্ছে। কেও কেও ভিক্ষাও চাচ্ছে। আমরাও ভিক্ষা চাই। আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা এবং রেলপথ দক্ষিণাঞ্চলের জন্য আজকে সরকারের কাছে আমরা ভিক্ষা চেয়ে গেলাম।’’
পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত বগা সেতুর বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘‘বগা সেতু ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের কথা দিয়েছেন।’’
তিনি বলেন, ‘‘পদ্মা সেতু হওয়ার পর আমাদের বরিশাল অঞ্চলটা শুধু বরিশালের জন্য না বাংলাদেশের প্রয়োজন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে লিড করার জন্য, বরিশাল বাদ দিয়ে বাংলাদেশকে লিড করার কোনো সুযোগ নাই।’’
তিনি আরো বলেন, ‘‘লিডিং ক্যাপাসিটি ডেভলাপ করার জন্য আজকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশান যে উদ্যোগ নিয়েছে এর প্রত্যেকটি দাবি, বিশেষ করে ১০ দফা দাবির সাথে আমি ব্যক্তিগতভাবে একাত্মতা ঘোষণা করছি। একজন বরিশালবাসী হিসেবে বাস্তবায়নের জন্য সংসদে বাইরে সর্বাত্মক সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখবো।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিজেজির সভাপতি মাহবুব সৈকত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সানবীর রুবেল ও কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জেবেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূরু এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









