ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণ এলাকার যানজট পরিস্থিতি ও সড়কে শৃঙ্খলা দেখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
রবিবার (৪ অক্টোবর ২০২৬) তিনি কদমতলী বাস টার্মিনালসহ কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় যানবাহন চলাচলের সার্বিক পরিস্থিতি, জনদুর্ভোগ এবং যানজটের বিভিন্ন কারণ সম্পর্কে মাঠপর্যায়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণ, পথচারী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং যানজট নিরসনে চলমান কার্যক্রম সম্পর্কে তাঁদের মতামত ও পরামর্শ শোনেন।
স্থানীয়রা জানান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং অবৈধ হকার উচ্ছেদসহ ঢাকা জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের কারণে পথচারীদের চলাচল আগের তুলনায় সহজ হয়েছে। একই সঙ্গে যানবাহন চলাচলেও কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে তাঁরা উল্লেখ করেন। এসব কার্যক্রমের জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই ঢাকা জেলা পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ কমাতে নেওয়া কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা গড়ে তুলতে স্থানীয় জনগণ, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহাসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









