বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমরা বিরোধীমত দমনে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের জন্য সংস্কার চেয়েছি কিন্তু বিএনপি সরকার গঠন করে ৭০ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করছে।
শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার পিরোজপুর কনভেনশন সেন্টারে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরোয়ার বলেন, ‘‘নির্বাচনে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছে। ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অর্থই হলো গণভোটের চারটি প্রশ্নে যেখানে কোন নোট অফ ডিসেন্ট নাই অর্থাৎ ৮৪টি সংস্কার তারা মেনে নিয়েছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।’’
জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









