রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল (মদ) পানে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার বালারহাট ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন—উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০), বুজরুক ঝালই এলাকার হুজুর আলী (৪৫) ও এরশাদ মিয়া (৪০) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মো. সাজু মিয়া (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাদের মধ্যে একজন বাড়িতে এবং অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনাটি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিদুল ইসলাম বলেন, "তারা মদ্যপান করেই মারা গেছেন। তবে মরদেহ যাতে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করাতে না হয়, সেজন্য পরিবারের লোকজন এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।"
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









