প্রতিষ্ঠার প্রায় ৫৪ বছর পর শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ঢাকার ধামরাই সরকারি কলেজে চালু হলো নিজস্ব পরিবহন সেবা। এ উপলক্ষে কলেজের উদ্যোগে দুটি দ্বিতল বাস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইফতেখার আলী।
সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পর শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলেজে বাস সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।”
কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন চালু হওয়া দুটি বাসের মধ্যে একটি আশুলিয়ার জিরানী এলাকা থেকে ধামরাই সরকারি কলেজ পর্যন্ত এবং অপরটি কাওয়ালীপাড়া থেকে কলেজ পর্যন্ত চলাচল করবে। এতে আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা সহজে ও নিরাপদে কলেজে যাতায়াতের সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদারসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীরা কলেজে পরিবহন সেবা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে তাদের সময় ও যাতায়াত ব্যয় কমবে এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ আরও সহজ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









