সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে ২৮টি পরিবারের অনুকূলে অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার ( ২৪ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, একটি সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। যারা দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
তিনি আরো বলেন, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিআরটিএ সমন্বিতভাবে কাজ করছে।
আয়োজক বিআরটিএ, নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের নির্ধারিত তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নিহতদের পরিবার এবং গুরুতর আহতরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাচ্ছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ-এর কর্মকর্তা এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন| জেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









