নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় সাজেদা আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারির পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বাদী শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় সিআর-৫৫৮/২৪ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। এর প্রেক্ষিতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলী আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারকৃত সাজেদা আক্তার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো. শাহ আলমের মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, আদালতের নির্দেশনা মোতাবেক ওয়ারেন্ট তামিল করতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিবাদিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









