কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, নেশাজাতীয় সিরাপ ও জীবনরক্ষাকারী ওষুধের আড়ালে পাচার হওয়া নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
শুক্রবার (২৬ জুন) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ রামকৃষ্ণপুর এবং পশ্চিম ধর্মদাহ বিওপি-এর টহল দল সীমান্ত এলাকায় এই পৃথক অভিযান দুটি পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার আনুমানিক ভোর ৪ টায় রামকৃষ্ণপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকার চাইডোবা মাঠে বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ এবং ২৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৩৩ হাজার ৩শত টাকা।
বিজিবি সূত্র আরো জানায়, এর পরপরই সকাল ১০ টার সময় পশ্চিম ধর্মদাহ বিওপির অপর একটি টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১,৬৪৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই চালানের আনুমানিক মূল্য ৯ লক্ষ ৭৭ হাজার ৫শত টাকা। বিজিবি জানায়, দুটি অভিযানে উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য ১১,১০,৮০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দিন ও রাতে নিরবচ্ছিন্নভাবে চলমান এই মাদকবিরোধী চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









