ফরিদপুরের সদরপুরে মমিনের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও ন্যাশনাল প্রাইভেট মডেল ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক হোটেলটিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যে নিষিদ্ধ রং ও কেওড়া জল ব্যবহার এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাবার খোলা অবস্থায় রাখার প্রমাণ পাওয়ায় হোটেলটির মালিক মো. মমিন মোল্লাকে ১০ হাজার ও বিদেশি অনুমোদনহীন ওষুধ রাখা, প্রডাক্টের মূল্য মুছে ফেলা ও স্যাম্পল ঔষধ রাখার অপরাধে ন্যাশনাল প্রাইভেট মডেল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. মাহমুদুল হাসান জানান, খাবার মান বজায় রাখতে হোটেলগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ ক্রেতাদের সাথে প্রতারণা করে ঔষধ বা কোনো পণ্য বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









