ব্যবসায়ী বা বালুখেকোদের কালো টাকায় যারা রাজনীতি করে সংসদে যান, তারা কখনো জনগণের স্বার্থের কথা বলেন না। তারা যাদের অর্থে নির্বাচিত হন, দিনশেষে তাদের পক্ষেই অবস্থান নেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায়, তারা জনগণের কথা বলে না, ব্যবসায়ীদের কথা বলে। যারা বালুখেকোদের টাকায় নির্বাচিত হয়, তারা কখনো বালুখেকোদের বিরুদ্ধে কথা বলবে না। টাকা কিংবা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা জনগণকে ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, কেবল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন।”
বিগত পাঁচ মাসে সংসদে নিজের ভূমিকার কথা উল্লেখ করে এই সংসদ সদস্য দাবি করেন, “তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি এবং মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোটচোরদের বিরুদ্ধে সংসদে ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন। পাশাপাশি, নির্বাচনের আগে এনসিপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করতে পেরেছে, তার মূল্যায়ন করার ভারও তিনি জনগণের ওপর ছেড়ে দেন।”
বিগত জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “তৎকালীন সময়ে বলা হয়েছিল আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। কিন্তু শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী ও রিকশাচালকসহ সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের উদ্যোগেই বিকল্প তৈরি করে দেখিয়েছেন। সেই চেতনাকে ধরে রেখে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাধানের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।”
এনসিপির এই পথসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









