আওয়ামী লীগ সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পাওয়ার বদলে নানাভাবে অপমানিত ও অবমূল্যায়িত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা উপহার প্রদানসহ মেধাবী শিক্ষার্থী ও দুস্থদের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “বীর মুক্তিযোদ্ধারা ভাতা বা সুবিধার আশায় দেশ স্বাধীন করেননি। তারা লড়াই করেছিলেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে।”
কোটা ইস্যুকে কেন্দ্র করে আজ বীর মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে হেয় করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের ভিক্ষুক বানিয়ে মানুষের কাছে হাত পাতার জায়গায় দাঁড় করিয়েছিল সদ্য পতন হওয়া হাসিনা সরকার।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে উচ্ছেদ করার পর দেশের তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক মুক্তিযোদ্ধার নীরব ভূমিকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি।
তিনি উল্লেখ করেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন করে আসছিল, ছাত্র-জনতার সাম্প্রতিক কোটা আন্দোলন ও রক্তক্ষয়ী রাজপথের সংগ্রামের মাধ্যমে সেই আন্দোলন পূর্ণতা পায় এবং স্বৈরাচারী শাসনের পতন ঘটে।
বিগত সরকারের সময়কার ব্যাপক দুর্নীতি, পাচার হওয়া অর্থ এবং ওলামা-সাংবাদিকদের ওপর পরিচালিত নির্যাতনের কঠোর সমালোচনা করেন।
জেলা পরিষদের আয়োজনে এই মানবিক ও সম্মাননা প্রদান কর্মসূচিতে সর্বমোট ৮ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ছিলেন ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র ও ১০ জনমেধাবী শিক্ষার্থী ৪১ জনঅসহায় ও দুস্থ রোগী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এবং সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী রুমানা মাহমুদ।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









