ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ঈশ্বরদীতে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ জুলাই) সকালে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুকালী মাঠের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, লালন শাহ সেতু পার হওয়ার পর প্রস্রাবের জন্য গাড়ি থামালে দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদের গাড়ি তল্লাশি শুরু করে। মাদক রয়েছে—এমন অভিযোগ তুলে তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা মাছ বিক্রির টাকার ব্যাগটি দেখতে পায় তারা।
পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই ব্যবসায়ীকে তাদের পিছু নিতে বাধ্য করা হয়। তবে ফাঁড়ির দিকে না গিয়ে ছিনতাইকারীরা নির্জন হারুকালী মাঠের দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। সেখানে গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ধারালো ছুরি দেখিয়ে তাকে জিম্মি করা হয়। পরে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পর স্থানীয় এক মোটরসাইকেল চালক ছিনতাইকারীদের ধাওয়া করলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









