নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতি হওয়া দুইটি শটগানই উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক অভিযানে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ গত ২৪ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে স্থানীয় একটি জমির পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়।
এর আগে একই মামলায় গত ১৩ জুলাই রূপগঞ্জের চনপাড়া এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি শটগান উদ্ধার করে ডিবি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২ জুলাই ভোরে বন্দর উপজেলার হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্বরত দুই আনসার সদস্যকে রামদা ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইঞ্জিনচালিত নৌকায় আসা ৫ থেকে ৬ সদস্যের একটি ডাকাত দল দুইটি শটগান লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় ডাকাতি মামলা দায়েরের পর তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









