পাবনার সাঁথিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে বিএনপির পাল্টা বিক্ষোভ মিছিলকে ঘিরে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে চলে আসেন। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাঁথিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে পথসভা করেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা সন্ধ্যার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। একপর্যায়ে দুই পক্ষ পৃথকভাবে মিছিল নিয়ে সাঁথিয়া বাজার এলাকায় অবস্থান নিলে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়।
এতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষের নেতাকর্মীদের নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেয়।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল জানান, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে সাঁথিয়া বাজার ও আশপাশের এলাকায় কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, এমপির ইমামতি নিয়ে কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে—এমন তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। সন্ধ্যার দিকে দুই পক্ষ মিছিল শুরু করলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে এবং উভয় পক্ষকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেয়। মিছিলের গতিবিধি দেখে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









