ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম চৌরাস্তায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও সরবরাহের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এবং স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করার পর এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।
আদালতের রায়ে মাদক সরবরাহের অভিযোগে রায়েরগ্রাম এলাকার শফিকুল ইসলাম সপুকে (৫০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মাদক সেবনের দায়ে চাউলাদী গ্রামের অনিক (২২) ও রাজু মিয়াকে (২৫) তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত তিনজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নিঘোরকান্দা গ্রামের মোড়লের বাজার এলাকায় অনিক ও রাজুর গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় বাসিন্দারা তাদের তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেন।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, রায়েরগ্রামের শফিকুল ইসলাম সপুর কাছ থেকে তারা এই গাঁজা সংগ্রহ করেছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় শফিকুলকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
ঘটনা প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের ত্রিশাল থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ত্রিশাল থানা পুলিশের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









