প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারস পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় উপহার সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।
এ সময় উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা আনারসের চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে ১০০ কার্টনে মোট ৬০০ পিস আনারস পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ৬০০ আনারসের ওজন ৭৪৮ কেজি। ভারতের সহকারী হাইকমিশন চট্টগ্রামের কর্মকর্তারা আনারস গ্রহণ করেন। পরে ঢাকা হাইকমিশনের লোকজন এসব আনারস বুঝে নেন। একটি পিকআপ ভ্যানে করে আনারস ঢাকায় নিয়ে আসা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই অঞ্চলের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত আনারস পাঠানো হয়েছে।
এর আগে বাংলাদেশের পক্ষ থেকে আম পাঠানো হয়। ত্রিপুরার কৃষি বিভাগের সচিব অপূর্ব রায় বলেন, ‘‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আম উপহার দেওয়া হয়। আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার দেওয়া হলো।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









