পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মাজপাড়া ঈদগাহ সংলগ্ন পদ্মা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব। এ সময় তিনি নদীভাঙন কবলিত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন।
রবিবার (২ আগস্ট) সকালে সুজানগর উপজেলার মানিক হাট ইউনিয়নের গোপিনপুর ঈদগাহ মাঠের পাশে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর ও বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তাদ্বয়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নদীতীরবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনের কারণে প্রতিবছর বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ে। জিও ব্যাগ ফেলার মাধ্যমে ভাঙনের তীব্রতা কমিয়ে মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
সংসদ সদস্য সেলিম রেজা হাবিব বলেন, পদ্মা নদীর ভাঙন সুজানগর ও বেড়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্টের কারণ। ভাঙনের ফলে প্রতিবছর বহু পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। সরকার এ সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে এবং নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আরও বলেন, “জিও ব্যাগ ফেলার এই কার্যক্রম সাময়িকভাবে ভাঙনের ঝুঁকি কমাবে। পাশাপাশি স্থায়ী নদীশাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মানুষের জীবন, জীবিকা ও সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা করা হবে না। উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে বসবাস করছেন তারা। সরকারিভাবে ভাঙন প্রতিরোধে কার্যক্রম শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানান।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙনপ্রবণ এলাকায় পর্যায়ক্রমে জিও ব্যাগ ফেলে নদীতীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের জানমাল, বসতভিটা ও কৃষিজমি রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









