এবার বুনো হাতি খেললো ফুটবল। ভারতের আসাম রাজ্যে বুনো হাতির ওই ফুটবল খেলার মনোমুগ্ধকর দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া খেলার ভিডিওচিত্রটি অনেককেই বিস্মিত করেছে।
ভারতের আসামের গোলাঘাট জেলার নুমালাইগড় বোগিঢালা এলাকার একটি মাঠে করা ভিডিওতে দেখা যায়, সবুজ ঘাসে ঢাকা মাঠে এক বুনো হাতি ফুটবল খেলায় মেতেছে। হাতিটি কখনো শুঁড় দিয়ে বল গড়িয়ে নিয়ে যাচ্ছে, কখনো তাতে লাথি মারছে। বলে লাথি মেরে, শুঁড় দিয়ে আবার সেটিকে আটকাচ্ছে। বল দূরে চলে গেলে পেছন পেছন ছুটছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বন্য হাতিটি ঘুরতে ঘুরতে নুমালিগড়ের বগিঢালা খেলার মাঠে চলে আসে। তখন সেই মাঠে ফুটবল খেলছিল একদল কিশোর। সেই ফুটবল পায়ের কাছে পেয়ে লাথি মারতে দেখা যায় হাতিটিকে। ফুটবল নিয়ে মাঠের মধ্যেই বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়িও করে হাতিটি।
ভিডিওতে দেখা যায়, খেলতে খেলতে একবার বলটি দূরে চলে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন বলটি ধরতে দৌড়ে এগিয়ে আসেন। দেখে মনে হয় বলটি নিয়ে হয়তো তাঁরাও খেলছিলেন। কিন্তু হাতি বল দিতে নারাজ। হাতিটিও বলের দখল পেতে জোরে দৌড়ায়। শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে হাতি জিতে যায়। শুঁড় দিয়ে বলটি জড়িয়ে আবার আপন মনে খেলতে শুরু করে। বাকিরা থাকেন দর্শকের ভূমিকায়।
মাঠে হাতির এমন মজা করে ফুটবল খেলার দৃশ্য সবাইকে দারুণ আনন্দ দিয়েছে। দৌড়ে দৌড়ে হাতিটির ফুটবল খেলা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।
অনেকে বুনো হাতির মজা করে এই ফুটবল খেলার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও আনন্দের জন্ম দিয়েছে। ভাইরাল ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘জিঙ্গাবাদ’ নামের এক্স হ্যান্ডল থেকে। বহু মানুষ দেখেছেন সেই ভিডিও।
লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। ভিডিও দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। কেউ কেউ বিস্ময়ের সঙ্গে সংশয় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কি বুনো হাতি?’ একজন লিখেছেন, ‘খেলো ভারত।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









