নৌযান শুমারি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় অংশীজন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত এ সেমিনারে নৌযান শুমারির উদ্দেশ্য, কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
সভার শুরুতে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি নৌযান শুমারির লক্ষ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এর মাধ্যমে প্রাপ্ত তথ্য দেশের পরিকল্পনা প্রণয়নে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, নৌযান শুমারি সঠিকভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিক সহযোগিতা ও ব্যাপক প্রচার-প্রচারণা নিশ্চিত করতে হবে। নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এ শুমারি সফল হলে দেশের নৌখাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম জাতীয় পর্যায়ে নৌযান শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ শুমারিতে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি, নৌযান মালিক এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, নির্ভুল তথ্যই দেশের প্রকৃত চিত্র তুলে ধরে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়ক হয়। এ শুমারির মাধ্যমে জেলে ও নৌ-শ্রমিকদের ঝুঁকি, চ্যালেঞ্জ এবং বাস্তব পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হবে। এর ভিত্তিতে তাদের কল্যাণে কার্যকর পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা যাবে।
সেমিনারে নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা মৎস্য কর্মকর্তা, ট্রলার মালিক সমিতির সভাপতি, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএর কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি, নৌপরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









