পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ রত্না খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রত্না খাতুন ওই এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। অভিযানের একপর্যায়ে রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকায় জনৈক দিরাজের ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী পুলিশ সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা বাজারের একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে ওজন করে গাঁজার পরিমাণ ১ হাজার গ্রাম পাওয়া যায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রত্না খাতুন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া এলাকার মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে ১ কেজি শুকনা গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় গ্রেপ্তার রত্না খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









