নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও গরুবাহী ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল এলাকার মৃত শের আলীর ছেলে আব্দুর রহমান (৭০) এবং ধামানিয়াপাড়ার আক্কাস আলী (৫৮)। তারা দুজনেই ট্রলিতে থাকা গরু কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাওয়া গরুবাহী ট্রলিটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে নাটোরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহতদের রামেক হাসপাতালে নেওয়ার পথে আক্কাস আলীর মৃত্যু হয়।
গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা জানান, প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য রামেকে স্থানান্তর করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ট্রলিতে থাকা দুটি গরুও আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করাসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









