মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমি বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই। আপনারা শান্ত হোন– হুঁশে আসেন, বেহুশ হবেন না। এই সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর যে আবারও যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপর যদি বেশি পান তাহলে এই সরকারে যাবেন– নয়লে এই সরকারই আবারও নির্বাচিত হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, আপনারা তো আবারো পাপাচার করবেন। যে ভোট দেন, বেহেশত দেবো– নাউজুবিল্লাহ মিন জালেক। জনগণ বুঝে যে এই বেহেশতের টিকেট মানে পাপাচার। এখানে আমরা যাবো না বলেই জনগণ ৩০০ আসনের মধ্যে সোয়া ২০০ আসনে বিএনপিকে ভোট দিয়েছে।
মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেন, আজকে বিরোধীদল অযথা কাল্পনিক আস্ফালন করেছেন। আমরা বিরোধীদলের উদ্দেশ্যে বলতে চাই– শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না। আমরা কোন সিলের নির্বাচন দেখতে চাই না। আমরা কোন জোর-জবরি শাসন দেখতে চাই না।
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব। পাঁচ বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসবো। আপনাদের ভোট দিলে আসবেন। জ্বালাও পোড়াও করে অযথা ওই সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিস্কার।
আহমেদ আযম খান আরো বলেন, যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন– আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। তেমনি পার্লামেন্টের বাহিরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চাই, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদেরকে বলব– আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









