ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে আসা একটি বাণিজ্যিক জাহাজ থেকে সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া এক ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাকে সুস্থ্য অবস্থায় জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান, এমবি আলফাডাঙ্গা প্রাইড নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে শনিবার (১৫ আগষ্ট) জাহাজের আপার ডেকে কাজ করার সময় ক্রু নাজমুল ইসলাম (২৫) দুর্ঘটনাবশত নদীতে পড়ে যায়।
এ সময় নিয়মিত টহলের অংশ হিসেবে ঐ এলাকায় থাকা কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রু কে জীবিত উদ্ধার করে। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় বলে জানান তিনি।
কোস্টগার্ডের ওই মিডিয়া কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকার অপরাধ দমনের পাশাপাশি মানুষের জীবন মানোন্নয়নে সামাজিক কর্মকাণ্ড ও যেকোনো দুর্ঘটনায় মানুষের পাশে থেকে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









