নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লার কাঠেরপুল রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নির্মাণাধীন ভবনটিতে ছিনতাইকারী ও মাদক বিক্রেতারা ঘাঁটি তৈরির চেষ্টা করছিল। তারা সেখানে সিসি ক্যামেরা ও রাউটার স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। এসব সরঞ্জামের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি নজরদারির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
অভিযানকালে ভবনটিতে একটি হ্যান্ডমাইকও পাওয়া যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে ভবনটি তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো থানা থেকে লুট হয়েছিল কি না এবং এটি কারা সেখানে রেখেছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









