ফরিদপুরে সদর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ সেলি বেগম নামে এক নারীকে আটক করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে জেলার সদর উপজেলার শোভারামপুর ফুলতলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সেলি বেগমকে তার নিজ বসতবাড়ির সম্মুখ থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১০০ গ্রাম।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার বলেন, আটক সেলি বেগমকে ফরিদপুর জেলার ১ নম্বর আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ আদালত তাকে ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









