পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তুষার মাহমুদ, সদরপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হামিম সিয়ামের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের নদীর পারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের ১ হাজার ৮ টি চারা রোপণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান। কর্মসূচিতে সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা পরিবেশ রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণে উৎসাহিত করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপজেলার অন্যান্য জায়গায়ও একই ধরনের কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান।
এ বিষয়ে সদরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তুষার মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ প্রয়াস। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর মাধ্যম। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও লাভবান হবে। একটি সুস্থ ও সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









