বরগুনার তালতলী উপজেলায় দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের (২৮) ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনা সদর উপজেলার হৃদয় মোল্লা, কেওড়াবুনিয়া এলাকার মো. জামাল, আংগারপাড়া এলাকার লিমন সিকদার, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অনিক এবং নড়াইলের জিহাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন মাস আগে উপজেলার গাবতলী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন লিমন সিকদার। তিন-চার দিন আগে হৃদয় মোল্লা সেখানে যান। পরে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে আরও তিনজন যুবক ওই বাসায় আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বুধবার সকালের দিকে স্থানীয় কয়েকজন ওই বাসায় গিয়ে তল্লাশি চালান। এ সময় তারা একটি পিস্তল দেখতে পেয়ে পাঁচ যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, লিমন সিকদারের বাড়িতে গত তিন দিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিল। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমন সিকদারের বাড়িতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ খাঁন আমাদের তাড়া করে। পরে আমরা তাদের ধাওয়া করে আটক করেছি।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘‘স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।’’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ‘‘স্থানীয় জনতা পিস্তল, চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে। তাদের পুলিশ থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









