হবিগঞ্জের সাতছড়ির জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে ৫৫ বিজিবি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পিস্তল ৬টি, ম্যাগাজিন ৭টি এবং বিভিন্ন প্রকারের গুলি ২২ রাউন্ড উদ্ধার করা হয়।’’
তিনি বলেন, ‘‘প্রাথমিক প্রাপ্ত তথ্য অনুযায়ী ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা উক্ত অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘গত তিন মাসে ৫৫ বিজিবি’র অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা হতে প্রায় ৪১ লক্ষ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









