নারায়ণগঞ্জের সোনারগাঁয় তিন জন মাদকসেবীকে দুই মাস করে কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কাঁচপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে সোনারগাঁ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার প্রত্যেককে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং ১শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের চর ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার সিফাত হাওলাদার (১৯), একই এলাকার মো. হৃদয় (২২) ও বন্দর উপজেলার মুরাদপুর দেওয়ান বাগ এলাকার মো. বিজয় মিয়া (১৯)। সাজা প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনজনকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









