সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ট্রলারসহ জাহাঙ্গীর গাজী (৩০) এক যুবককে আটক করেছে নীলডুমুর ১৭ বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাবুরার চকবারা সংলগ্ন খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে ট্রলারসহ একজনকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন নীলডুমুর ১৭ বিজিবির সদস্যবৃন্দ। আটক জাহাঙ্গীর গাজী শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের মৃত সাত্তার গাজীর ছেলে।
পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন বলেন, ‘‘অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আটককৃত অপরাধ স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









