সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। চলতি বছরের শুরু থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ রোগে ২০০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহভাজন হামে ১৯০ জন মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট জেলার এবং একজন হবিগঞ্জের বাসিন্দা।
তারা হলো সিলেটের বিয়ানীবাজার উপজেলার শহীদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল সাফওয়ান (১), কোম্পানীগঞ্জ উপজেলার মকবুল হোসাইনের ছেলে জিসান আহমদ (৯ মাস) এবং হবিগঞ্জের মিজানুর রহমানের ছেলে জায়ান (৩ মাস)। তিন শিশুরই মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলায় ৪৪২ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত ব্যক্তিদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৯৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত ৪৩২ জন চিকিৎসাধীন। জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সন্দেহভাজন হামে সিলেটে ৭৯ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে সিলেট ও হবিগঞ্জে চারজন করে এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে মারা গেছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম এদিনকে বলেন, সিলেট বিভাগে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, মৃত্যুর ঘটনাও ঘটছে। বিষয়টি উদ্বেগজনক। হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও টিকাদানের ওপর জোর দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









