প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। হঠাৎ তাঁর চোখে পড়ে দুটি প্লাস্টিকের বয়াম। কাছে যেতেই থমকে দাঁড়ান তিনি। বয়াম দুটির ভেতরে পড়ে ছিল দুই নবজাতক একটি ছেলে ও একটি মেয়ে। দুজনেরই নিথর দেহ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে, নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপে নবজাতক দুটিকে পাওয়া যায়।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ দুটি প্লাস্টিকের বয়াম চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা দুই নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাঁদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।
পুলিশ জানায়, খবর পাওয়ার সময় তাঁরা এলাকায় টহলে ছিলেন। থানা থেকে বিষয়টি জানানোর পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে খবর দেওয়া হয়। পরে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়। নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









