ডেঙ্গুর আতঙ্ক ছড়ানোর আগেই মশার প্রজননস্থল ধ্বংসে মাঠে নেমেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। ড্রেনের জমে থাকা ময়লা থেকে শুরু করে ঝোপঝাড়—এডিস মশার সম্ভাব্য আবাসস্থলগুলো পরিষ্কারে শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন। এর পরপরই সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় সচেতনতামূলক র্যালি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে শুরু হয় মূল পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ড্রেন, ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন স্থান পরিষ্কারের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।
শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী নয়, ডেঙ্গু প্রতিরোধের এই উদ্যোগে যুক্ত করা হয় তরুণ প্রজন্মকেও। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট, গার্ল গাইড, রেড ক্রিসেন্টের সদস্য এবং শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তাদের অংশগ্রহণে কর্মসূচিতে তৈরি হয় ব্যাপক জনসচেতনতার আবহ।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটানো কিংবা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়া যথেষ্ট নয়। বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়া, ড্রেন পরিষ্কার রাখা এবং ঝোপঝাড় নিয়মিত পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আঃ আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









