বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়।
‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। এছাড়া ‘আরণ্যক’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘ইছামতী’ ও ‘অশনি সংকেত’ তার উল্লেখযোগ্য উপন্যাস। উপন্যাসের পাশাপাশি অসংখ্য গল্প, কিশোর উপন্যাস ও ভ্রমণকাহিনি রচনা করেছেন তিনি।
শিক্ষকতার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ করেন বিভূতিভূষণ। ভাগলপুরে কাজ করার সময় ১৯২৫ সালে তিনি ‘পথের পাঁচালী’ রচনা শুরু করেন। ১৯২৮ সালে বইটি লেখার কাজ শেষ হয়। এটি তার প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রচনা। সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় লেখাটি পছন্দ করে বিচিত্রা পত্রিকায় প্রকাশ করলে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
তার লেখা ‘চাঁদের পাহাড়’ একটি অনবদ্য অ্যাডভেঞ্চার কাহিনি, যার পটভূমি আফ্রিকা। এই উপন্যাস অবলম্বনেও চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
‘পথের পাঁচালী’ অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে। ১৯৫১ সালে ‘ইছামতী’ উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। প্রখ্যাত এই কথাসাহিত্যিক ১৯৫০ সালের ১ নভেম্বর বিহারের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









