ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশন সহ দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা অনলাইনে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলো।
এ উপলক্ষে শনিবার সকাল ৯টায় রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
প্রধানমন্ত্রী কর্তৃক তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনের পর নগর ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি দড়িখরবোনা মোড় হয়ে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। নগর ভবন চত্বরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন রাসিক প্রশাসক।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি।
জনসচেতনতা সৃষ্টিতে নগরবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে আমরা কাজ করে যাব। এ কাজের নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি এ্যাড. আলী আহসান মাসুম, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য এ্যাড. মাইনুল আহসান পান্না, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ্দুজ্জামান জনি, জাসাস মহানগর আহবায়ক এ্যা. রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলার পবা উপজেলায় স্থানীয় পর্যায়ে একই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। এসময় তিনি বলেন, দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। তাই ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ শুরু হওয়ার আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলবে।
তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, এ জন্য সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। প্রতি শনিবার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এইসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









