চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকায় পুলিশি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। বাইকটির বৈধ কাগজপত্র বা নিবন্ধন না থাকায় ট্রাফিক পুলিশ সেটি আটক করে। এ সময় আক্তারুজ্জামানের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের কথাকাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
এই ঘটনার জেরে সন্ধ্যার পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী এসে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন এবং ঘেরাও কর্মসূচি পালন করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বলেন, “সন্ধ্যায় গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ কাগজপত্র দেখতে চায়। কাগজপত্র না থাকায় তাদের সঙ্গে আমার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝি এবং মোবাইল ফোন নেওয়া সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করতে আমরা এসপি কার্যালয়ে গিয়েছিলাম। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, “চেকপোস্টে কাগজপত্র না থাকায় সার্জেন্ট ও টিএসআই ওই নেতার গাড়িটি আটক করেন। এটি নিয়েই মূলত ভুল বোঝাবুঝি ও নেতাকর্মীদের অবস্থানের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









