ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠিত হয়।
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটির অন্যদের মধ্যে সদস্য সচিব হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইন উদ্দিন খান, সদস্যরা হলেন-গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাজেদুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসদ্দী।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
রাতে ময়মনসিংহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
তবে মৃত ৪ জনের মধ্যে ২ জন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর ২ জনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম হুমায়ুন কবির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









