সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে মো. আজহারুল ইসলাম (৫০) নামে এক মুদি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারে মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছ কিনে রান্না করে খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় আজহারুল ইসলামকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্তমানে আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সজীব জানান, বাজার থেকে পটকা মাছ কিনে রান্না করে খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, ‘‘পটকা মাছ খেলে বিষক্রিয়া হতে পারে। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে মানুষকে নিরুৎসাহিত করা হয়। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।’’
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, ‘‘বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’’
এদিকে নিহত আজহারুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









