ভোলার চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মো. ইয়ামিন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড় ছয়টার দিকে পৌর শহরের মডেল মসজিদে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী মডেল মসজিদের ছাদে ওঠে। ছাদে দৌড়াদৌড়ির একপর্যায়ে অসাবধানতাবশত তাদের একজনের জুতা নিচে পড়ে যায়। নিচে পড়া জুতা দেখতে গিয়ে ইয়ামিন ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনাবশত বলেই মনে হচ্ছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সঙ্গে থাকা চার সহপাঠীকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









