নাটোরের গুরুদাসপুরে ৩২ বছর আগে রেওয়াজ বদল করা জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালি এলাকায় নাজিরপুর-সিংড়া সড়কের পাশে প্রাণ দুধ সংগ্রহ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাল শেখ ও নজরুল শেখ পরস্পরের খালাতো ভাই। প্রায় ৩২ বছর আগে তাদের বাবা রাজিম শেখ ও জয়নাল শেখের মধ্যে জমি রেওয়াজ বদল হয়। সম্প্রতি ওই জমির দখল ও মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আগামী শনিবার দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার জন্য বসার কথা ছিল।
ময়নাল পক্ষের দাবি, বিরোধপূর্ণ জমিটি তাদের ভোগদখলে রয়েছে। সেখানে মালবাহী ট্রাকের স্কেল নির্মাণের কাজ চলছিল। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন নির্মাণকাজে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ময়নাল শেখসহ তাদের পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাল শেখের ছেলে সোহেল রানা অভিযোগ করেন, বহিরাগত লোকজন এনে তাদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় কামাল, সাইফুল ও নাজিরপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মো. শামসুল হক উসকানি দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে শামসুল হকের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে নজরুল ইসলাম বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আপস-মীমাংসার জন্য আগামী শনিবার বসার কথা থাকলেও ময়নাল পক্ষ হঠাৎ করে নির্মাণকাজ শুরু করে। তাঁদের লোকজন বাধা দিতে গেলে মারধরের ঘটনা ঘটে। এতে তাদের পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইদুল গুরুতর আহত বলে তিনি জানান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









