তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘‘অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না। বাংলাদেশের জনগণ ৭২ সালে একজনকে বিতাড়িত করেছে, ২৪ সালে আরেক জনকে। এখন গুম, খুনের বিচার করে জনগল তাদের বিরুদ্ধে পুনরায় রুখে দাঁড়াবে।’’
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধান মহলে ‘আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার’ প্রতিবাদে জেলা উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিগত ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করে দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। যারা এই গণতন্ত্র নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা মাঠে আছি।’’
এ সময় আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘‘যারা ১৭ বছর লুটপাট করেছে এখন তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, সন্ত্রাস করছে। যারা বাংলাদেশের জনগণকে হত্যা করে পালিয়ে গেছে, তারা নাকি আবার বাংলাদেশে ফিরে আসতে চায়। তারা নাকি ডিসেম্বরে ফেরত আসবে। আমি বলি, ডিসেম্বর নয় বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন। জনগণ বিচার করার অপেক্ষায় আছে। আমরা চাই, তারা দেশে এসে বিচারের আওতায় আসুক। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় দেখতে চাই।’’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক, কোনো রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। যারা নিজেদের বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।’’
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উত্তর জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









