দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন গভীর সমুদ্রে ভেসে থাকা একটি ট্রলার সহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরগুনা জেলার তালতলী উপজেলার মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলামের একটি ট্রলার মাছ ধরতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিকল হয়ে পড়ে। উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে ট্রলারটি গত ২৪ সেপ্টেম্বর মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে ট্রলারে থাকা জেলেরা মহাজনকে তাদের দুরবস্থার কথা জানান। ট্রলার মালিকের দেয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কোকিলমনির সদস্যরা তাৎক্ষণিকভাবে গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করে।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের পক্ষ থেকে উদ্ধারকৃত আট জেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের কে ট্রলার মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জেলেদের নিরাপত্তায় ভবিষ্যতেও তাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









