বাগেরহাটের শরণখোলায় অ্যালুমিনিয়াম ফসফাইডের ট্যাবলেট খেয়ে মনিকা রাণী (৪০) নামের দুই সন্তানের এক মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, দুপুর দুইটার দিকে ঘরে থাকা চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন মনিকা। ঘরের ভেতর ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রায় ১২ কিলোমিটার দূরের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আমির হোসেন জানান, মনিকাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ওয়াশ করার সময়ই তার মৃত্যু হয়।
নিহত মনিকা রাণী সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাক্প্রতিবন্ধী কৃষ্ণ তড়ুয়ার স্ত্রী। তাদের দুই কন্যাসন্তান রয়েছে। তবে কী কারণে মনিকা আত্মহত্যা করেছেন, তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পরিবার বা পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









